Home » বয়স বাড়ছে, শরীর কেমন আছে জানুন সহজ ৩ উপায়ে

বয়স বাড়ছে, শরীর কেমন আছে জানুন সহজ ৩ উপায়ে

কর্তৃক WroEpZQyAEpZQy
০ কমেন্ট 40 ভিউস

বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি, ভারসাম্য ও চলাফেরার সক্ষমতায় পরিবর্তন আসে। হাতের মুঠোর শক্তি, ভারসাম্য ধরে রাখা কিংবা মেঝেতে বসে আবার উঠে দাঁড়ানোর মতো কয়েকটি সহজ পরীক্ষায় এসব পরিবর্তনের কিছুটা ধারণা পাওয়া যায়।

তবে, এসব পরীক্ষা একাই বলে দিতে পারে না আপনি কত বছর বাঁচবেন বা আপনার শরীর ঠিক কত দ্রুত বুড়ো হচ্ছে। বরং এগুলো শরীরের কোনো দুর্বলতা আছে কি না এবং সেটির কারণ খুঁজে দেখতে চিকিৎসকদের প্রাথমিক ধারণা দিতে পারে।

মেঝেতে বসে আবার উঠে দাঁড়াতে পারেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া একটি পরীক্ষায় প্রথমে দাঁড়িয়ে থাকতে হয়, এরপর মেঝেতে পা গুটিয়ে বসতে হয় এবং আবার উঠে দাঁড়াতে হয়। মেঝেতে বসতে পারলে ৫ পয়েন্ট এবং আবার দাঁড়াতে পারলেও ৫ পয়েন্ট—অর্থাৎ মোট ১০ পয়েন্ট।

banner

বসা বা ওঠার সময় হাত, হাঁটু বা অন্য কোনো কিছুর সাহায্য নিলে প্রতি ক্ষেত্রে ১ পয়েন্ট করে কমে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে সমস্যা হলে আরো অর্ধেক পয়েন্ট কাটা যায়। আর বাইরের কোনো সাহায্য ছাড়া বসা বা দাঁড়ানো সম্ভব না হলে স্কোর শূন্য।

ব্রাজিলে করা কয়েকটি গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী ব্যক্তিদের মধ্যে যারা এই পরীক্ষায় ভালো ফল করেছেন, প্রায় এক দশকের মধ্যে তাদের মৃত্যুঝুঁকি তুলনামূলক কম ছিল। তবে, চিকিৎসকেরা মনে করেন, এই পরীক্ষাকে ভবিষ্যৎ আয়ু মাপার নির্ভুল উপায় হিসেবে দেখা ঠিক নয়।

চেয়ার থেকে উঠে হাঁটুন

চিকিৎসকেরা ‘টাইমড আপ অ্যান্ড গো’ বা টিইউজি নামে আরেকটি পরীক্ষা ব্যবহার করেন। এতে একজনকে চেয়ার থেকে উঠে প্রায় ৩ মিটার হাঁটতে হয়, এরপর আবার ফিরে এসে চেয়ারে বসতে হয়। এই ছোট পরীক্ষার মাধ্যমে একইসঙ্গে, শরীরের ভারসাম্য, চলাফেরার সক্ষমতা এবং পায়ের নিচের অংশের শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বয়স্কদের চিকিৎসা করেন এমন চিকিৎসক জর্জ হেনাওয়ি বলেন, “এসব পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শরীরের কোথায় দুর্বলতা রয়েছে এবং তার পেছনে কী কারণ থাকতে পারে, তা খুঁজে বের করা। কারণটি হতে পারে হাঁটুর ব্যথা, ধীর প্রতিক্রিয়া, ভারসাম্যের সমস্যা কিংবা হৃদযন্ত্রের সমস্যার কারণে দ্রুত হাঁপিয়ে যাওয়া বা মাথা ঘোরা।” অর্থাৎ, পরীক্ষায় কোথায় ভালো করতে পারিনি, সেটি বোঝাই পরবর্তী পদক্ষেপ নেওয়ার মূল বিষয়।

হাতের মুঠোর শক্তিও গুরুত্বপূর্ণ

শুধু বসা-ওঠা নয়, শরীরের ‘বয়স’ বা বার্ধক্যের গতি বোঝার জন্য হাতের মুঠোর শক্তি, হাঁটার গতি, হাঁটার সময় শরীরের স্থিরতা এবং এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য রাখার মতো বিষয়ও দেখা হয়। চিকিৎসকেরা এসব পরীক্ষার মাধ্যমে শরীর কতটা দুর্বল বা ‘ভঙ্গুর’ হয়ে পড়ছে, সেই ঝুঁকিও বোঝার চেষ্টা করেন। কারণ অসুস্থতা বা আঘাতের মতো শারীরিক চাপ সামলানোর ক্ষমতা কমে গেলে বয়স্কদের বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়তে পারে।

তবে, একটি পরীক্ষার ফল দিয়ে পুরো স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না। যেমন, হাতের মুঠোর শক্তি কম হওয়ার পেছনে বাতের সমস্যা, স্ট্রোক বা শুধু ওই পেশিগুলোর নিয়মিত ব্যবহার না করার মতো কারণও থাকতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের চিকিৎসক ডেভিড লি বলেন, এটি অনেকগুলো শারীরিক মাপের মধ্যে একটি মাত্র।

ভালো স্কোর মানেই পুরোপুরি সুস্থ নয়

বিশেষজ্ঞদের মতে, শক্তি ও চলাফেরার সক্ষমতা সুস্থভাবে বয়স বাড়ার একটি অংশ মাত্র। মস্তিষ্কের কার্যক্ষমতা, স্মৃতিশক্তি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তিসহ আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়।

তাই কোনো একটি পরীক্ষায় ভালো করার জন্য আলাদাভাবে শরীরকে প্রশিক্ষণ দেওয়ার চেয়ে সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া বেশি জরুরি। নিয়মিত পুরো শরীরের ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, মানসিক চাপ সামলানো, পর্যাপ্ত ঘুম এবং হৃদ্‌যন্ত্রের যত্ন নেওয়া—সবই গুরুত্বপূর্ণ।

পরীক্ষার ফল আশানুরূপ না হলে কী করবেন?

কোনো শারীরিক পরীক্ষায় প্রত্যাশার চেয়ে খারাপ ফল এলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিশেষ করে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকলে বা সম্প্রতি পড়ে গিয়ে থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

ন্যাশনাল কাউন্সিল অন এজিংয়ের পতন প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ এমিলি ন্যাবরসের মতে, পরীক্ষার ফল হলো পরবর্তী মূল্যায়নের প্রথম ধাপ। প্রয়োজন হলে চিকিৎসক সহায়ক যন্ত্র ব্যবহার, ফিজিওথেরাপি, ওষুধে পরিবর্তন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে পারেন।

বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দেন, বয়সভেদে এসব পরীক্ষার ফলের মানদণ্ড আলাদা হতে পারে। একটি নির্দিষ্ট বয়সের মানুষের ওপর করা গবেষণার ফল অন্য বয়সের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে।

তাই মেঝেতে বসে উঠতে পারা, দ্রুত হাঁটা বা শক্ত করে হাত মুঠো করতে পারা—এসবকে শরীরের বয়স মাপার চূড়ান্ত পরীক্ষা না ভেবে নিজের শারীরিক সক্ষমতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার উপায় হিসেবে দেখা ভালো।

রিলেটেড পোস্ট

মন্তব্য করুন

কাজলা নিউজ — সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনার বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ সাংবাদিক মোঃ জাহির হোসেন চঞ্চল
মোবাইলঃ ০১৯১৭৬০৯৬৬৫

লেটেস্ট পোস্ট

© ২০২৬ কাজলা নিউজ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।