বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। ‘বিগ বস’ মানেই উত্তেজনা, ঝগড়া ও নাটকীয়ভাবে প্রতিযোগীদের বাদ পড়া। মঞ্চ থেকে পুরো বিশৃঙ্খল পরিস্থিতি সামলানোর কাজটি করে থাকেন এ শোয়ের সঞ্চালকরা। আর কাজটি করতে মোটা অঙ্কের অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন তারা।
ভারতের বিভিন্ন ভাষার বিগ বস সঞ্চালনা করে থাকেন তারকা অভিনয়শিল্পীরা। এ তালিকায় রয়েছেন—সালমান খান, নাগার্জুন আক্কিনেনি, বিজয় সেতুপাতির মতো অভিনেতারা। চলুন জেনে নিই, কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন—
সালমান খান: বিগ বস হিন্দি
এই তালিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা সালমান খান। বলিউডের এই সুপারস্টার চতুর্থ মৌসুম থেকে ‘বিগ বস’ সঞ্চালনা করে আসছেন। সর্বশেষ মৌসুমের জন্য ২৫০-৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২২-৮৬ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে—২০০ কোটি রুপি।
সৌরভ গাঙ্গুলি: বিগ বস বাংলা
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলা সংস্করণের সঞ্চালনার জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬১ কোটি ১৩ লাখ টাকা) পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। এই চুক্তির মাধ্যমে ‘বিগ বস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সঞ্চালকদের একজন হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি।
বিজয় সেতুপাতি: বিগ বস তামিল
জনপ্রিয় অভিনেতা কমল হাসান সরে যাওয়ার পর বিগ বসের তামিল সংস্করণের সঞ্চালকের দায়িত্ব নেন অভিনেতা বিজয় সেতুপাতি। জানা গেছে, অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য প্রতি মৌসুমে ৭৫-৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৬-১০৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক পান।
নাগার্জুনা আক্কিনেনি: বিগ বস তেলুগু
‘বিগ বস’ তেলেগুর তৃতীয় মৌসুম থেকে শোটি সঞ্চালনা করছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। দীর্ঘদিনের এই সম্পর্কের কারণে তার পারিশ্রমিকও বেড়েছে। বর্তমানে প্রতি মৌসুমে প্রায় ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকা) পারিশ্রমিক নেন বলে জানা গেছে।
মোহনলাল: বিগ বস মালায়ালাম
‘বিগ বস’ মালায়ালামের প্রথম মৌসুম থেকেই শোটি সঞ্চালনা করে আসছেন অভিনেতা মোহনলাল। বর্তমানে প্রতি মৌসুমের জন্য ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৬৭ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি।
কিচ্চা সুদীপ: বিগ বস কন্নড়
বিগ বসের কন্নড় সংস্করণ সঞ্চালনা করছেন অভিনেতা-নির্মাতা কিচ্চা সুদীপ। শোটির প্রথম মৌসুম থেকেই সঞ্চালনা করছেন তিনি। চলতি মৌসুমে তার পারিশ্রমিক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৭৮ লাখ টাকা) বলে জানা গেছে।
